উখিয়ায় ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা ফেলে মিয়ানমারে পালাল পাচারকারী

প্রকাশ :
সংশোধিত :

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি । উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৪ লাখ ২০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৬০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার বিআরএম-১৭ এর প্রায় ২০০ গজ উত্তর-পশ্চিমে এবং জীম্বংখালী বিওপি থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পূর্বে ‘সাকেরের ঘের’ এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমার থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পালিয়ে যায়। তারা পাশের ঘেরের পানিতে সাঁতরে দ্রুত মিয়ানমারের দিকে ফিরে যায়।
এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো খাকী রঙের বায়ুরোধী ৪২টি প্যাকেট থেকে মোট ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


For all latest news, follow The Financial Express Google News channel.